প্রকাশিত:
গতকাল

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা (B1/B2) নিয়ে দেশটিতে গিয়ে কোনো ধরণের চাকরি বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই কঠোর সতর্কতা জারি করেছে। দূতাবাস স্পষ্ট জানিয়েছে, ভিজিটর ভিসার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী বা আজীবনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, কেউ যদি ভিজিটর ভিসার শর্ত ভঙ্গ করে কাজ করেন, তবে তাকে নিচের পরিস্থিতিগুলোর সম্মুখীন হতে হবে: তাৎক্ষণিকভাবে বর্তমান ভিসা বাতিল করা হবে এবং ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত (Deportation) পাঠানো হতে পারে। অন্তত ১০ বছর বা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার হারাবেন। অভিবাসন নথিতে ‘Misrepresentation’ বা তথ্যের ভুল উপস্থাপনের তকমা লেগে যাবে, যা অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও বাধা হতে পারে।
দূতাবাস জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রে কাজ করতে চান, তাদের সঠিক ক্যাটাগরির ওয়ার্ক ভিসা (যেমন H-1B, L-1) পাওয়ার জন্য আবেদন করতে হবে। ভিজিটর ভিসাকে কাজের উদ্দেশ্যে ব্যবহার করা একটি গুরুতর অপরাধ। দালালের খপ্পরে পড়ে বা ভুল তথ্যের ভিত্তিতে এমন ঝুঁকি না নেওয়ার জন্য আবেদনকারীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।এতে বলা হয়, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব।
উল্লেখ্য যে, ২০২৬ সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করেছে। বিশেষ করে যারা জনকল্যাণমূলক সুবিধা (Public Benefits) নিতে পারে বা ভিসার মেয়াদ অতিক্রম (Overstay) করে কাজ করতে পারে, তাদের বিষয়ে দূতাবাসগুলো এখন অনেক বেশি সজাগ।